এক ধাক্কায় অনেকটা কমতে পারে পেট্রোলের দাম! বড় ঘোষণা কেন্দ্রের



নয়াদিল্লি: বিশ্ববাজারের অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার ধাক্কা থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে বড় পদক্ষেপ নিল নয়াদিল্লি। বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে এবার পেট্রোলের সঙ্গে বেশি মাত্রায় ইথানল মিশ্রণের ওপর বিশেষ কর ছাড়ের ঘোষণা করল কেন্দ্র। বুধবার সরকারের তরফে জারি করা একটি নতুন বিজ্ঞপ্তিতে এই বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


২২% থেকে ৩০% ইথানলে বড় ছাড়

নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত পেট্রোলে ইথানলের মাত্রা ২২ শতাংশ থেকে ৩০ শতাংশের মধ্যে থাকবে, সেগুলির ওপর আর কোনও আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি (Excise Duty) লাগু হবে না। বিশ্বমঞ্চে খনিজ তেলের তৃতীয় বৃহত্তম আমদানিকারক ও উপভোক্তা দেশ হিসেবে ভারত তার দীর্ঘমেয়াদী জ্বালানি সুরক্ষাকে মজবুত করতেই এই ছাড় দিচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।


কেন এই কর মকুবের সিদ্ধান্ত?

সাধারণত জ্বালানির ওপর বসানো আবগারি শুল্কের কারণে তেলের দাম বাড়ে। এই শুল্ক তুলে নেওয়ার ফলে তেল উৎপাদনকারী ও সরবরাহকারী সংস্থাগুলি এখন অনেক কম খরচে বেশি ইথানলযুক্ত পেট্রোল বাজারে সরবরাহ করতে উৎসাহিত হবে। তবে সাধারণ পেট্রোল পাম্পে এখন যে তেল বিক্রি হচ্ছে, তার মূল্যে এই মুহূর্তে কোনও বদল আনা হয়নি।


লাভবান হবেন দেশের কৃষকরাও

ভারত প্রতি বছর বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা খরচ করে অপরিশোধিত তেল আমদানি করে। দেশীয় প্রযুক্তিতে আখ বা বিভিন্ন শস্যের মতো কৃষিজাত বর্জ্য থেকে এই ইথানল তৈরি হয়। ফলে পেট্রোলে ইথানলের মিশ্রণ বাড়লে যেমন একদিকে তেলের আমদানি বিল কমবে, ঠিক তেমনই দেশের কৃষকরা তাঁদের ফসলের জন্য আয়ের একটি বড় ও স্থায়ী বাজার পেয়ে যাবেন। আমজনতার পকেটে এর তাত্ক্ষণিক প্রভাব না পড়লেও, ভারতের জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লড়াইয়ে এটি অত্যন্ত দূরদর্শী একটি পদক্ষেপ।

এই খবরটি শেয়ার করুন